পিচের বদলে ঢালাই! প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় অনিয়মের অভিযোগে উত্তাল মাঝিগ্রাম।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতো কেন্দ্রের স্বপ্নের প্রকল্পে সরকারি নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের মাঝিগ্রাম এলাকায়। অভিযোগ, পিচের রাস্তার বদলে নিম্নমানের ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই অনিয়মের প্রতিবাদে উত্তর মাঝিগ্রাম, দক্ষিণ মাঝিগ্রাম ও সাতরাই—এই তিন গ্রামের কয়েকশো মানুষ একযোগে কাজ বন্ধের ডাক দিয়েছেন। জানা গেছে, মালঞ্চা থেকে মাঝিগ্রাম হয়ে অযোধ্যা পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তা নির্মাণে বরাদ্দ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে বলা রয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় এই রাস্তা সম্পূর্ণ পিচের হওয়ার কথা। কিন্তু বাস্তবে পুরনো ঢালাই রাস্তার উপরেই নতুন করে ঢালাই চাপিয়ে দায়সারা ভাবে কাজ চলছে বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্মাণ কাজে নিম্নমানের বালি ও সামগ্রী ব্যবহার করা হচ্ছে, ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। হৃদয় বর্মন বলেন, পিচের রাস্তার অনুমোদন থাকলেও ঠিকাদার ঢালাই করে টাকা বাঁচানোর চেষ্টা করছে। আশা সরকার ও রবীন্দ্রনাথ সরকার অভিযোগ করেন, দীর্ঘদিন কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনও নজরদারি নেই।
এলাকাবাসীদের আরও অভিযোগ, বিষয়টি জানানো সত্ত্বেও জেলা পরিষদের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। যদিও অভিযুক্ত ঠিকাদার সংস্থার দাবি, তারা সরকারি নির্দেশ মেনেই কাজ করছে এবং সব অভিযোগ ভিত্তিহীন। তবে গ্রামবাসীদের হুঁশিয়ারি স্পষ্ট—পিচের রাস্তা নির্মাণ না হলে কাজ বন্ধ থাকবে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন মাঝিগ্রামের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *