ভবিষ্যৎ উদ্ভাবকদের মঞ্চ ‘ইয়ং ইনোভেটর মিট–২০২৬’, পতিরামে উৎসবমুখর প্রদর্শনী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পতিরাম মন্টেশ্বরী অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ‘ইয়ং ইনোভেটর মিট–২০২৬’। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণির পড়ুয়ারা শিক্ষামূলক নানা বিষয়ের উপর হাতেকলমে তৈরি মডেল ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দেয়। রোবোটিক্স অ্যান্ড এআই, মহাকাশ বিজ্ঞান, পরিবেশবিদ্যা, বিজ্ঞান ও কলা বিভাগ—এমন বহু বিষয়কে কেন্দ্র করে সাজানো হয় এক্সিবিশনের স্টলগুলি, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে।

অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক রিপণ সাহা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ডিরেক্টর জীবন মণ্ডল, শিক্ষাবিদ দীপক কুমার মণ্ডল, পতিরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ অধিকারী সহ আরও বহু বিশিষ্টজন। অতিথিরা পড়ুয়াদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সাবলীল উপস্থাপনার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও বেশি করে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

প্রদর্শনী দেখতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। একের পর এক স্টলে ভিড় জমে ওঠে, কৌতূহলী দর্শকদের প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত থাকে পড়ুয়ারা। সব শেষে সমস্ত দর্শকদের জন্য ছিল ‘ডিজিটাল ভোটিং ব্যবস্হা’। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সেক্রেটারি পীযূষ সরকার এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিঠু হালদার জানান, বিদ্যালয়ের ষোলোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই বিশেষ দিনের জন্যই ‘ইয়ং ইনোভেটর মিট–২০২৬’-এর আয়োজন করা হয়েছে। তাঁদের কথায়, এই ধরনের মঞ্চ পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের উদ্ভাবক হয়ে ওঠার পথকে আরও প্রশস্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *