বালুরঘাটে অভিনব উদ্যোগ ‘নদীর পাঠশালা’, পরিবেশপ্রেমের বার্তা দিল দিশারী সংকল্প।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের আত্রেয়ী নদীর সদরঘাটে মঙ্গলবার সকালে পরিবেশ ও প্রকৃতিকে ভালোবাসার এক অনন্য উদ্যোগ ‘নদীর পাঠশালা’ অনুষ্ঠিত হলো। দিশারী সংকল্পের মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগটি বাস্তবায়িত হয় মাইন্ড মান্ত্রা অ্যাবাকাসের সহযোগিতায়। বিভিন্ন শ্রেণীর ও বিভিন্ন বয়সের ১৫ জন শিক্ষার্থী নদীর গল্প, গান এবং কথা শুনতে শুনতে নদীর জলের ধারে দাঁড়িয়ে শপথ নিলেন নদী ও প্রকৃতির বন্ধু হওয়ার।

এই পাঠশালার মূল উদ্দেশ্য ছিল মানুষকে বোঝানো যে নদী ভালো না থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে না। নদীর পাঠশালায় শিক্ষার্থীদের পরিবেশের গুরুত্ব এবং নদীর উপযোগিতা সম্পর্কে পাঠ দেওয়া হয়। দিশারী সংকল্পের সম্পাদক তুহিনশুভ্র মন্ডল, পরিবেশকর্মী সনাতন প্রামানিক এবং জয়ন্ত দাস শিক্ষার্থীদের নদী ও প্রকৃতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

তাঁরা তুলে ধরেন, নদী না থাকলে আমাদের জীবনে কী কী ক্ষতি হতে পারে এবং প্রকৃতি কীভাবে আমাদের উপকার করে। শিক্ষার্থীদের শেখানো হয় কীভাবে নদী ও প্রকৃতির বন্ধু হওয়া যায় এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করা যায়।

পরিবেশকর্মী তুহিনশুভ্র মন্ডলের লেখা ও সুর করা নদী ও প্রকৃতিকে ভালোবাসার গান “পাখির ডাকে সকাল হলো” এবং “নদীর জলে চিঠি চলে” পরিবেশন করেন দেবার্ঘ্য, স্বর্ণালীসহ অন্যান্যরা। এই সুরেলা পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে নদী ও প্রকৃতির প্রতি ভালোবাসার অনুভূতি আরও গভীর করে তোলে।

মাইন্ড মান্ত্রা অ্যাবাকাসের প্রধান উদ্যোক্তা জয়দীপ ঘোষ জানান, “পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্প দীর্ঘদিন ধরে নদীর পাঠশালা করে আসছে। এই ভাবনাটি আমাদের খুব ভালো লেগেছে। তাই আমরা চেয়েছিলাম আমাদের শিক্ষার্থীরা এই পাঠশালার অংশ হয়ে যাক। শিক্ষার্থীদের নদী ও প্রকৃতির বন্ধু হতে ধারাবাহিকভাবে এই কাজ আমরা করে যাবো।”

নদীর পাঠশালা শুধুমাত্র একটি শিক্ষামূলক কর্মসূচি নয়, এটি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা। আত্রেয়ী নদীর তীরে দাঁড়িয়ে শিক্ষার্থীরা শপথ নিলেন নদী ও প্রকৃতির বন্ধু হওয়ার। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়তে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ধরনের উদ্যোগ আমাদের জীবনে নদীর গুরুত্ব এবং প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। আসুন, আমরা সকলে মিলে নদী ও প্রকৃতির বন্ধু হয়ে পৃথিবীকে আরও সুন্দর করে তুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *