পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তাকে সামনে রেখে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুসারে মাদকবিরোধী অভিযানে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। শুধু মাদকবিরোধী অভিযানই নয়, বাল্যবিবাহ রোধ, নারী সুরক্ষা এবং সাইবার অপরাধ দমনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতেও বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তিনি জানান, জেলার প্রতিটি থানায় এ বিষয়ে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়গুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধ প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে।
পাশাপাশি, এই ধরনের অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পুলিশ সুপার। কোনও এলাকায় মাদক সংক্রান্ত বেআইনি কার্যকলাপ, বাল্যবিবাহ কিংবা নারী সুরক্ষা সংক্রান্ত সমস্যা নজরে এলে সাধারণ মানুষকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
জেলা পুলিশের এই উদ্যোগের ফলে মাদকবিরোধী অভিযান থেকে শুরু করে নারী সুরক্ষা ও সাইবার অপরাধ দমনের ক্ষেত্রে আগামী দিনে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, এখন সেদিকেই নজর রয়েছে।












Leave a Reply