দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গারামপুরের আকাশে যেন বসন্তের রঙিন পালক মেলে ধরল। শহরের কালদিঘি পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “গঙ্গারামপুর পৌর বসন্ত উৎসব ২০২৬”। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এছর পুর বসন্ত উৎসব ষষ্ঠ বছরে পদার্পণ করেছে । আর সেই উপলক্ষে উৎসাহ-উদ্দীপনায় ছিল আলাদা মাত্রা ।
মঙ্গলবার সকাল থেকেই পার্ক চত্বরে ভিড় জমাতে শুরু করেন শহরবাসী ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ । দুপুর ১টা বাজতেই যেন রঙের ঢেউ আছড়ে পড়ে কালদিঘির পাড়ে । স্থানীয় ও বহিরাগত শিল্পীদের পরিবেশনায় মঞ্চ ভরে ওঠে গান, নৃত্য ও সুরের মেলবন্ধনে । শহরের বিভিন্ন নৃত্য একাডেমির নৃত্যশিল্পীরা তাঁদের মাধুর্যময় পরিবেশনে দর্শকদের মুগ্ধ করেন । অন্যদিকে বহিরাগত বাংলা ব্যান্ডের প্রাণবন্ত সংগীত পরিবেশনা উপস্থিত দর্শকদের হৃদয়ে দোলা দিয়ে যায় ।
এই বসন্ত উৎসবে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । বাসন্তী রঙের শাড়ি ও পাঞ্জাবিতে সেজে অনেকেই মেতে ওঠেন আবির খেলায় । কেউ টয় ট্রেনে চেপে কালদিঘি পরিক্রমায় ব্যস্ত, কেউ আবার বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তগুলো ধরে রাখছেন । কনটেন্ট ক্রিয়েটরদের ক্যামেরায় বন্দি হয়েছে বসন্তের প্রতিটি রঙিন হাসি । শান্তিনিকেতনের আদলে সাজানো এই আয়োজন যেন শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে করেছে নতুন প্রাণসঞ্চার ।
উৎসবে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, একাধিক কাউন্সিলর, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অগণিত শহরবাসী । সকলের মিলিত অংশগ্রহণে বসন্ত উৎসব পরিণত হয় এক মিলনমেলায় ।












Leave a Reply