বাজারে মন্দা, টানা বৃষ্টিতে জলের তলায় আলুক্ষেত—ধূপগুড়িতে চাষিদের চরম দুর্দশা।

ধূপগুড়ি, নিজস্ব সংবাদদাতা: একদিকে বাজারে মন্দা, অন্যদিকে টানা ঝড়-বৃষ্টির জেরে চরম সংকটে পড়েছেন ধূপগুড়ি এলাকার আলুচাষিরা। আবহাওয়া দফতরের পূর্বাভাসের পর থেকেই আশঙ্কা তৈরি হলেও, বাস্তবে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে।
গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা ঝড় ও ভারী বৃষ্টিতে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকার আলুক্ষেত এখন জলের তলায়। অনেক জায়গায় হাঁটু সমান জল জমে রয়েছে, ফলে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গিয়েছে, আলু তোলার কাজ চলছিল জোরকদমে। পাশাপাশি হিমঘরে পাঠানোর জন্য জমিতেই বস্তাবন্দি করে রাখা ছিল বিপুল পরিমাণ আলু। কিন্তু বৃষ্টির জেরে সেই আলুগুলিও ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কৃষকদের আশঙ্কা, দীর্ঘক্ষণ জল জমে থাকলে দ্রুত পচন ধরবে আলুতে। রোদ না উঠলে এবং জল না নামলে মাঠ থেকে বাকি ফসল তোলা কার্যত অসম্ভব হয়ে পড়বে।
চাষিদের অভিযোগ, এ বছর আলু চাষের খরচ গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। এক গাড়ি আলু ফলাতে যেখানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হয়েছে, সেখানে বর্তমান বাজারে সেই আলু বিক্রি করে মিলছে মাত্র ৪০ হাজার টাকার কাছাকাছি, অনেক সময় তাও নয়। ফলে উৎপাদন খরচের অর্ধেক দামও পাচ্ছেন না তারা।
এই পরিস্থিতিতে চরম আর্থিক সংকটে পড়েছেন এলাকার হাজার হাজার কৃষক। তাঁদের বক্তব্য, সরকার আলু কেনার কথা বললেও নির্দিষ্ট সীমা রয়েছে এবং যে দাম দেওয়া হচ্ছে তাতে লোকসান পোষানো সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *