মানিকচক, মালদা:- ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদার মানিকচকে। প্রায় ৪০০ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের এস টি বি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। স্থানীয়দের দাবি, গ্রামের প্রায় প্রতিটি পরিবার থেকেই এক বা একাধিক সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন। কিন্তু ২০২৬ সালের চূড়ান্ত তালিকায় হঠাৎ করেই নাম উধাও। এক প্রবীণ ভোটারের কথায়, “গত ৪০ বছর ধরে ভোট দিচ্ছি, অথচ এবার তালিকায় আমার নাম নেই।”
কোথাও বাবার নাম বাদ পড়েছে, কোথাও আবার ছেলের নাম নেই—এমন পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে তাদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে পথ অবরোধের জেরে।
৪০০ ভোটারের নাম বাদ! মানিকচকে রাস্তায় আগুন, বিক্ষোভ।












Leave a Reply