আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের ডিমডিমা এলাকার ‘হ্যাভেন শেল্টার হোম’ বহুদিন ধরেই নিরাশ্রয় ও মানসিক ভারসাম্যহীন মানুষের শেষ ভরসা। কিন্তু মানবিক এই উদ্যোগ আজ চরম আর্থিক সংকটের মুখে। বর্তমানে প্রায় ৭৫ জন আবাসিকের দায়িত্ব সামলাতে গিয়ে খাদ্য ও চিকিৎসা পরিষেবা বজায় রাখা কঠিন হয়ে উঠেছে। ওই শেল্টার হোমের কর্ণধার সাজু তালুকদার জানান, অনেক আবাসিকই নিজেদের পরিচয় দিতে অক্ষম। তবে যাঁরা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, তাঁদের পরিবারের খোঁজ করে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। অন্যদিকে, নতুন আশ্রয় নেওয়া বহু মানুষের শারীরিক অবস্থাও অত্যন্ত শোচনীয়, ফলে চিকিৎসার প্রয়োজন বেড়েছে বহুগুণে। যদিও কিছু সহৃদয় ব্যক্তি ও সংগঠন সাহায্যের হাত বাড়িয়েছেন, তবুও ক্রমবর্ধমান খরচের চাপ সামলানো দুষ্কর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন সাজু তালুকদার। তাঁর কথায়, সরকার যদি দায়িত্ব নেয়, আমি আশ্রয়গৃহটি তুলে দিতে প্রস্তুত। অন্যথায় সমাজের মানুষ যদি পাশে দাঁড়ান, তাহলেই এই মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়া সম্ভব হবে।
মানবিক উদ্যোগে সংকট, চালাতে হিমশিম ‘হ্যাভেন শেল্টার হোম’।।












Leave a Reply