পুকুর পাহারা দিতে বেরিয়ে আর ফেরেননি, উদ্ধার দেহ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জ ব্লকের মধ্য রামকৃষ্ণপুর এলাকায় জঙ্গল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মঞ্জুরুল মন্ডল (৪২)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

জানা গেছে, শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে পুকুর পাহারা দিতে বেরিয়েছিলেন। তারপর থেকেই আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও বিভিন্ন সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি শুরু করলেও তার সন্ধান মেলেনি। ঘটনায় উদ্বেগ ছড়ায় এলাকায়।

রবিবার সকালে মধ্য রামকৃষ্ণপুর এলাকার একটি জঙ্গল থেকে স্থানীয় বাসিন্দারা একটি দেহ দেখতে পান। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় কুমারগঞ্জ থানার পুলিশ। পরে পরিবারের সদস্যরা দেহটি মঞ্জুরুল মন্ডলের বলে শনাক্ত করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *