কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- রঘুনাথগঞ্জ-২ ব্লকের রনজিৎপুর গ্রামের বাসিন্দা পিয়ারি বিবির মৃত্যুর পর একটি বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
পরিবারের অভিযোগ, গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে আশাদ্বীপ নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করার কথা জানিয়ে ৫০ হাজার টাকার বিল পরিশোধ করতে বলা হয়। স্বজনদের দাবি, দুপুর থেকে রোগীকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করলেও দীর্ঘ সময় তাঁকে ছাড়া হয়নি। পরে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে তোলার সময় তাঁরা জানতে পারেন, রোগীর মৃত্যু নাকি কয়েক ঘণ্টা আগেই হয়েছিল।
এই অভিযোগ প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃতার স্বামী নিজাম শেখের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক, মৃত্যুর প্রকৃত সময়, চিকিৎসার সমস্ত নথি এবং ৫০ হাজার টাকার বিলের হিসাব খতিয়ে দেখা হোক। এদিকে রনজিৎপুর এলাকার বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
তবে এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত সত্য প্রশাসনের তদন্তের পরই স্পষ্ট হবে।
৫০ হাজার টাকার বিল, তারপর মৃত্যু! রঘুনাথগঞ্জে নার্সিংহোম ঘিরে চাঞ্চল্য।












Leave a Reply