ই-কেওয়াইসি-র নামে প্রতারণার চেষ্টা, প্রতারকদের ফাঁদে পা না দিয়ে পুলিশে অভিযোগ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-  নিজের বুদ্ধিমত্তা ও সচেতনতার জেরে বড়সড় ব্যাংক জালিয়াতির হাত থেকে রক্ষা পেলেন এক মহিলা। প্রতারকদের হুমকিতে ভয় না পেয়ে তাঁদের কথায় কান না দিয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হলেন খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের পূর্বচক গ্রামের বাসিন্দা ও পেশায় আশা কর্মী ফিরদৌসী খাতুন মুন্সী।
জানা গিয়েছে, গতকাল শুক্রবার, ৭ আগস্ট দুপুরে একটি অচেনা নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ইউকো ব্যাংকের আধিকারিক বলে পরিচয় দেন। এরপর তাঁকে জানানো হয়, অবিলম্বে ব্যাংক অ্যাকাউন্টের ই-কেওয়াইসি করাতে হবে। তা না হলে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা কেটে নেওয়া হবে বলেও ভয় দেখানো হয়।
তবে প্রতারকদের কথায় বিশ্বাস না করে কোনও তথ্য বা গুরুত্বপূর্ণ নথি না দিয়ে ফোনটি এড়িয়ে যান ফিরদৌসী। এরপর বিষয়টি নিয়ে আর দেরি না করে তিনি ঐদিন বিকালে রায়না থানার সেহারাবাজার ফাঁড়িতে যান। সেখানে পুলিশের সহযোগিতায় সাইবার ক্রাইম দপ্তরে অনলাইনে অভিযোগ দায়ের করেন।
এরপর আজ শনিবার সকালে খণ্ডঘোষ থানায় গিয়েও তিনি বিস্তারিত ঘটনা জানান এবং যে মোবাইল নম্বর থেকে ফোন এসেছিল, সেই নম্বর-সহ লিখিত অভিযোগ দায়ের করেন।
নিজে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার পর সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন ফিরদৌসী। তাঁর কথায়, ব্যাংক আধিকারিক পরিচয় দিয়ে কেউ ফোন করলে কোনওভাবেই OTP, PIN, পাসওয়ার্ড, ATM/ডেবিট কার্ডের তথ্য বা KYC সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফোনে দেওয়া উচিত নয়। সন্দেহজনক ফোন এলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক ও পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *