কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- ঘোরতর অসুস্থ হয়ে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি রয়েছেন সাংবাদিক বিজয়চন্দ্র বর্মন। ৪৩ বছর বয়সি বিজয় লিভারের জটিল রোগে আক্রান্ত। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহের একটি প্রত্যন্ত গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে বিজয়ের অসুস্থতার সূত্রপাত হয়। প্রথমে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় মুম্বইয়ে। গত ১লা আগস্ট থেকে মুম্বইয়ের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
বিজয়ের বৃদ্ধ বাবা বীরেন্দ্রনাথ বর্মন পেশায় একজন ক্ষুদ্র চাষি এবং মা বিমলা বর্মন সাধারণ গৃহবধূ। তাঁরা জানিয়েছেন, ছেলের চিকিৎসার জন্য ইতিমধ্যে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। জমিজমা ও অন্যান্য সম্পত্তি বিক্রি এবং ধারদেনা করে এতদিন চিকিৎসার খরচ চালানো হয়েছে। কিন্তু এখন আর চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য তাঁদের নেই। ছেলের প্রাণ বাঁচাতে তাই সহৃদয় ব্যক্তি বা কোনও সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।
বাবা-মা ছাড়াও বিজয়ের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী দীপিকা বর্মন। তাঁদের একমাত্র সন্তান, সাত বছরের একটি কন্যাসন্তান, বাবার ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছে। কান্নাজড়িত কণ্ঠে দীপিকাদেবী স্বামীর সুস্থতার জন্য সকলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।












Leave a Reply