বালুরঘাটের বিনায়ক অ্যাপার্টমেন্টে মহিলাদের দুর্গাপুজো, ভোগ-সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পড়ুয়াদের পাশে কমিটি।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বালুরঘাটের দীপালি নগরের বিনায়ক অ্যাপার্টমেন্টে চতুর্থ বছরে পা দিল মহিলাদের পরিচালিত দুর্গাপুজো। নেতাজি স্পোর্টিং ক্লাবের বিপরীতে অবস্থিত এই আবাসনে মহাপঞ্চমীর সন্ধ্যায় প্রতিমা এনে বরণ করেন কমিটির সদস্যরা। বাঙালি রীতি মেনে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো, ভোগ, ধুনুচি নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। প্রায় ৫০ জন মহিলা পুজো পরিচালনায় যুক্ত। দশমীতে সিঁদুর খেলায় যোগ দেন আশপাশের এলাকার মহিলারাও। ঢাকের তালে শোভাযাত্রা করে আত্রেয়ী নদীর সদরঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
দুর্গাপুজোর পাশাপাশি বিশ্বকর্মা, লক্ষ্মী ও সরস্বতী পুজো, রবীন্দ্রজয়ন্তী, স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস-সহ নানা অনুষ্ঠান আয়োজন করেন আবাসনের বাসিন্দারা। এ বার দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বই, খাতা ও কলম বিতরণের উদ্যোগও নিয়েছে মহিলা দুর্গাপুজো কমিটি। সদস্যদের কথায়, এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, আবাসনের বাসিন্দাদের একসঙ্গে থাকা এবং আনন্দ ভাগ করে নেওয়ারও উপলক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *