দাদনের কাজে বিহারে গিয়ে বিপত্তি, বাড়ি ফেরার পথেই নিখোঁজ সালাউদ্দিন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— বিহারে দাদনের কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেলেন হরিশ্চন্দ্রপুরের এক যুবক। চারদিন পেরিয়ে গেলেও তাঁর কোনও সন্ধান মেলেনি। নিখোঁজ যুবকের নাম সালাউদ্দিন (২৭)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তালগ্রাম এলাকায়। যুবকের খোঁজ না মেলায় চরম উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিহারের সেলিমপুর এলাকায় রেললাইনের কাজে দাদনে গিয়েছিলেন সালাউদ্দিন। প্রায় এক মাস কাজ করার পর গত শনিবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তাঁর সঙ্গে আশপাশের এলাকার আরও প্রায় ২০ জন শ্রমিক ছিলেন। ফেরার পথে তাঁরা বিহারের কাটিহার স্টেশনে নামেন। সেখান থেকেই কোনওভাবে নিখোঁজ হয়ে যান সালাউদ্দিন। পরিবারের অনুমান, ভুল করে অন্য কোনও ট্রেনে উঠে পড়ে থাকতে পারেন তিনি। পরে বারসইয়ের দিকে চলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিবারের দাবি, সালাউদ্দিনের মানসিক ভারসাম্য কিছুটা ঠিক নেই। ফলে ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ে পথ হারিয়ে থাকতে পারেন তিনি। তবে এতজন শ্রমিকের সঙ্গে বাড়ি ফেরার পথে কীভাবে তিনি স্টেশন থেকে নিখোঁজ হয়ে গেলেন, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।
ইতিমধ্যে সালাউদ্দিনের সন্ধান চেয়ে কাটিহার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পরিবারের সদস্যরা। কিন্তু এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি। সালাউদ্দিনের পরিবারে রয়েছেন স্ত্রী ও তিন নাবালক সন্তান। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের নিখোঁজ হওয়ায় চরম দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। যুবকের সন্ধান পেতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা চেয়েছে পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *