বালুরঘাট শহরে দৃশ্য দূষণ নিয়ে প্রতিবাদে সরব বিশিষ্টজনেরা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট নেওয়া হয়েছে ৪ এপ্রিল। তারপরে এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও বালুরঘাট শহর সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্থানগুলিতে লোকসভা ভোটের কাজে ব্যবহৃত রাজনৈতিক দলের ব্যানার, পতাকা, ফ্লেক্স এবং ফেস্টুন দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে জেলার সাধারণ সুধী সমাজ থেকে শুরু করে পরিবেশপ্রেমী সংস্থা এবং সাধারণ মানুষ এর প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের এ বিষয়ে এগিয়ে আসা উচিত এবং দৃশ্য দূষণের হাত থেকে বালুরঘাট শহর সহ গোটা জেলাকে এর থেকে মুক্ত করা উচিত।
বালুরঘাটের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জিষ্ণু নিয়োগী বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলগুলি শুধুমাত্র তাদের রাজনৈতিক ফায়দা তোলার কথা ভাবেন। তারা প্রচারের জন্য ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন ও পতাকা ইত্যাদি ব্যবহার করেন কিন্তু ভোট হয়ে যাবার পরেও তারা সেগুলি খোলার কথা একবারও চিন্তা করেন না। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। আমরা বালুরঘাট শহরে বর্তমানে দেখছি ভোট পার হয়ে যাওয়ার পরেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের জন্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন বা পতাকা সেগুলো বালুরঘাট শহরের বিভিন্ন স্থানে এখনো পড়ে রয়েছে। এর ফলে দৃশ্য দূষণ ঘটছে। রাজনৈতিক দলগুলির অবিলম্বে উচিত তাদের প্রচারকার্যের জন্য ব্যবহৃত জিনিসপত্র গুলো সরিয়ে নেওয়া।”
এ বিষয়ে তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুর জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, “আমরা জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মত কাজ করছি। আমাদের বিরুদ্ধে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন এবং সুধী সমাজ যে অভিযোগ করছে তা ঠিক নয়। আমরা ইতিমধ্যেই বালুরঘাট শহর সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে শতকরা ৯০% ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন, পতাকা অর্থাৎ লোকসভা নির্বাচনে প্রচারের জন্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো খুলে নিয়েছি। বাকি যেগুলো পড়ে রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সরিয়ে নেওয়া হবে। আমাদের উদ্দেশ্য শহর তথা জেলায় দৃশ্য দূষণ ঘটানো নয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে পারি আমরাই একমাত্র দল যারা জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মত কাজ করেছে। অন্য কোনো দল এখনো পর্যন্ত তাদের রাজনৈতিক প্রচারের জন্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছিল তা খুলে নেওয়ার প্রয়োজন অনুভব করেনি।”
বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সহ-সভাপতি পিন্টু সরকার তার প্রতিক্রিয়ায় বলেন, “আমরা বিজেপি দল জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করছি। জাতীয় নির্বাচন কমিশন আমাদের যেভাবে নির্দেশ দিচ্ছে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। আমাদের বিরুদ্ধে পরিবেশপ্রেমী সংগঠন থেকে যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়। আমরা আমাদের দলের ব্যানার, ফ্লেক্স, পতাকা এবং ফেস্টুন খোলার কাজ শুরু করে দিয়েছি। খুব শীঘ্রই বালুরঘাট শহর তথা দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত স্থান থেকে এগুলো খুলে নেওয়া হবে।”
পরিবেশ বিদ তুহিন শুভ্র মন্ডোল জানান,আমরা প্রতিবার সংবাদ মাধ্যমের দ্বারা আবেদন প্রতিটি রাজনৈতিক দলের কাছে ভোট পর্বমিটে যাবার পর যেন তারা তাদের পোষ্টার,ব্যানার খুলে নেন তা নাহলে আবার রাজনৈতিক দলের কাছে আবেদন করা হবে,তাউ নাহলে উর্ধতন কর্মকর্তাকে যানিয়ে দৃশ্য দুষন রোধ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *