পুরুলিয়ায় পতঙ্গ বাহিত রোগ রুখতে গাপ্পি মাছ ছাড়ল পৌরসভা।

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা : পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে বড় পদক্ষেপ নিল পুরুলিয়া পৌরসভা। বুধবার শহরের বিভিন্ন ওয়ার্ডে পুকুরে গাপ্পি মাছ ছেড়ে মশা নিয়ন্ত্রণে উদ্যোগী হল পৌর প্রশাসন।

এদিন ৩ নম্বর ওয়ার্ডের প্রহ্লাদ বাউরী শিশু উদ্যানে কর্মসূচির সূচনা করেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনয় কবিরাজ, পৌরসভার স্বাস্থ্যকর্মী ও আধিকারিকরা। এছাড়া এই বিশেষ কর্মসূচিতে যোগ দেয় এলাকার স্কুলের বহু ছাত্র-ছাত্রীও।

চেয়ারম্যান জানান, ওই উদ্যানে প্রায় ৩ হাজার গাপ্পি মাছ ছাড়া হয়েছে। পাশাপাশি পুরো পুরুলিয়া শহরের ২৩টি ওয়ার্ডের মোট ৮৫টি পুকুরে একসঙ্গে প্রায় ৬০ হাজার গাপ্পি মাছ ছাড়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে ফেলে, ফলে মশার বংশবিস্তার রোধ হয়। এর ফলে ডেঙ্গি, ম্যালেরিয়া সহ বিভিন্ন পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *