কুমারগঞ্জে তৃণমূলের বিক্ষোভ সভায় বিস্ফোরক মন্তব্য আব্দুর রহিম বক্সীর, প্রধানমন্ত্রীকে ‘খুনি’ বলে আক্রমণ।

নিজস্ব সংবাদদাতা, মালদা: বাংলা ভাষার সম্মান রক্ষায় রতুয়া-২ ব্লকের কুমারগঞ্জ হাই স্কুল মাঠে তৃণমূলের বিক্ষোভ সভা থেকে তীব্র আক্রমণ শানালেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। প্রধানমন্ত্রীকে সরাসরি ‘খুনি’ বলে অভিযুক্ত করেন তিনি। মঙ্গলবার আয়োজিত এই সভায় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ক্ষোভ ছিল তুঙ্গে।

জানা গেছে, বাংলা ভাষাভাষী মানুষদের ওপর দেশের বিভিন্ন প্রান্তে হওয়া হেনস্থা ও অত্যাচারের প্রতিবাদে জেলার ১৫টি ব্লক জুড়ে তৃণমূল এই বিক্ষোভ আন্দোলনের ডাক দেয়। এদিন রতুয়া হাসপাতাল মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় কুমারগঞ্জ হাই স্কুল মাঠে। সেখানেই অনুষ্ঠিত হয় বিক্ষোভ সভা।

সভামঞ্চ থেকে জেলা সভাপতি বলেন,

> “আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন খুনি, মানুষখেকো। নিরপরাধ মানুষ হত্যাকারী। গুজরাটে যে হত্যালীলা চালানো হয়েছিল, তখন তিনি ছিলেন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে আফরাজুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে – আমরা তা ভুলিনি। মানুষ এবার বিজেপিকে প্রত্যাখ্যান করবে এবং মানবিক মুখ্যমন্ত্রীকে আবারও মসনদে বসাবে।”

 

সভায় উপস্থিত ছিলেন তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, রাজ্য সহ-সভাপতি সমর মুখার্জি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *