চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাস স্ট্যান্ডে লাগানো বিশ্ব বাংলা লোগো সরাল বিজেপি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন সরকারি ও জনপরিসরে বিগত সরকারের আমলে স্থাপিত বিভিন্ন প্রতীক ও চিহ্ন অপসারণের ঘটনা সামনে আসছে। সেই আবহেই রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাস স্ট্যান্ডে লাগানো বিশ্ব বাংলা লোগো সরিয়ে দেওয়ার উদ্যোগ নিল বিজেপি নেতৃত্ব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ববর্তী সরকারের আমলে বাস স্ট্যান্ড চত্বরে বিশ্ব বাংলা লোগোটি স্থাপন করা হয়েছিল। রবিবার বিজেপি কর্মীরা ওই লোগোটি খুলে ফেলেন। পরে সেটিকে একটি আবর্জনার স্তূপের পাশে রাখা হয়। ঘটনাস্থলে উপস্থিত আমাদের প্রতিনিধির ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে।
এ প্রসঙ্গে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌড়ি বলেন, “সাধারণ মানুষের আবেদনের ভিত্তিতেই এই লোগো সরানো হয়েছে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে অন্য কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি ঘিরে স্থানীয় স্তরে রাজনৈতিক চর্চা জোরদার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *