অপহরণ-ধর্ষণ মামলায় কড়া রায়, দুই অভিযুক্তের যাবজ্জীবন; সিবিআই আইনজীবীকে সম্মান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ২০২১ সালের ১০ জুন মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত এলাকা থেকে মামার বাড়ি থেকে হেঁটে ফেরার সময় মালদহের বৈষ্ণবনগর থানার এক নাবালিকাকে অ্যাম্বুলেন্সে তুলে অপহরণ করা হয়। অভিযোগ, এরপর তাকে ধর্ষণ করা হয় লাগাতার। এরপর ওই নাবালিকাকে বৈষ্ণবগর থানার পিটিএস মোড় সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং রাজ্য জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে পুলিশ করিম শেখ ও টারজেন হোসেন নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পরে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর জঙ্গিপুর আদালত ৩১ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গত ২৯ জুলাই দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। আদালত জানায়, তাঁদের বাকি জীবন কারাগারেই কাটাতে হবে যত দিন তারা মার না যায়। পাশাপাশি প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। সিবিআইয়ের পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্র এই তথ্য জানান। রায়ে সন্তোষ প্রকাশ করে আজ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও নির্যাতিতার পরিবারের সদস্যরা মালদা বার অ্যাসোসিয়েশনে উপস্থিত হয়ে সেই মামলার সিবি আই পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্রকে সংবর্ধনা জানান। তাঁরা জানান, দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াইয়ের পর এই রায়ে তাঁরা ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *