মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার বেনিয়া গ্রামের মাতঙ্গিনী বাবুরহাট বাজার কমিটির ব্যবসায়ীরা কয়েক বছর ধরে এক ব্যতিক্রমী সঞ্চয় প্রকল্প পরিচালনা করে আসছেন। ব্যবসায়ীদের স্বউদ্যোগে গঠিত এই তহবিল এখন পরিণত হয়েছে স্থানীয় স্তরে আর্থিক সুরক্ষার এক মডেলে।
২০১৯ সালের জুন মাস থেকে শুরু করে বহু ব্যবসায়ী প্রতিদিন তাঁদের আয় থেকে মাত্র ৫ টাকা করে এই তহবিলে জমা রাখতেন। বাজার কমিটির হেফাজতে সংরক্ষিত এই অর্থ সম্প্রতি, ২০২৫ সালের জুন মাসে, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ফেরত দেওয়া হয়েছে সুদ সহকারে।
এই উদ্যোগের অন্যতম সংগঠক আন্টির হাত দিয়েই ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয় তাঁদের জমানো অর্থ। দীর্ঘ ছয় বছর ধরে কমিটির প্রতি আস্থা রেখেই এই প্রকল্পে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বহু ব্যবসায়ী।
এক ব্যবসায়ী বলেন, “এই তহবিল আমাদের নিজেদের গড়া। আমরা নিজেরা ছোট ছোট অঙ্কে জমা করেছি, আর আজ সুদে-আসলে সেই টাকা হাতে পেলাম। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়।”
আরও কয়েকজন ব্যবসায়ী জানান, “বাজারে অনেক রকম ফান্ডের কথা শোনা যায়, কিন্তু এটা সম্পূর্ণ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য। কারণ এখানে কোনো বহিরাগত হস্তক্ষেপ নেই—সব কিছু আমাদের নিজেদের মাধ্যমেই চলছে।”
বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ কেবল আর্থিক সাহায্য নয়, বরং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং বিশ্বাসের এক দৃঢ় ভিত্তি তৈরি করেছে।












Leave a Reply