দক্ষিণ দিনাজপুর, তপন:- বয়স মাত্র দুই বছর। এখনও স্কুলের গণ্ডিতেই পা পড়েনি। কিন্তু এই ছোট্ট বয়সেই অসাধারণ স্মৃতিশক্তি আর মুখের কথার জাদুতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জায়গা করে নিল তপন ব্লকের উত্তর করদহ গ্রামের খুদে শান বৈদ্য।
শানের বাবা সঞ্জু বৈদ্য, পেশায় পরিযায়ী শ্রমিক। মা সঙ্গীতা বালা বৈদ্য। অভাবের সংসার হলেও ছেলের প্রতিভাই এখন এই পরিবারের সবচেয়ে বড় গর্ব। মাত্র দুই বছর বয়সেই শান আধো আধো ভাষায় অবলীলায় বলে দিতে পারে বহু পশুপাখি, ফল, ফুল ও জীবজন্তুর নাম।
জানা গিয়েছে, খুদে শান মাত্র ২৩ সেকেন্ডে ১২টি সবজির নাম, ২৮ সেকেন্ডে ১০টি ফলের নাম, ৩৪ সেকেন্ডে শ্রীমদ্ভগবদ্গীতার ১৮টি নাম, এবং ৪৭ সেকেন্ডে ১২টি পাখির নাম বলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এই অসামান্য দক্ষতার স্বীকৃতি হিসেবেই তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে।
ইতিমধ্যেই শানের বাড়িতে পৌঁছে গিয়েছে শংসাপত্র, মেডেল, কলম এবং একগুচ্ছ উপহার। মঙ্গলবার সেই উপহার হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন শানের বাবা-মা। আনন্দে তাঁদের চোখে জলও এসে যায়।
পরিযায়ী শ্রমিকের পরিবারে জন্ম নেওয়া ছোট্ট শানের এই বিরল সাফল্যে এখন খুশির হাওয়া বইছে শুধু বৈদ্য পরিবারেই নয়, গোটা উত্তর করদহ গ্রামজুড়েই।
মাত্র দুই বছর বয়সেই যে প্রতিভার ঝলক দেখাল শান, তা নিঃসন্দেহে আগামী দিনে আরও বড় স্বপ্ন দেখাচ্ছে পরিবারকে।
দুই বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জায়গা, তপনের পরিযায়ী শ্রমিকের ছেলে শানের নজিরবিহীন সাফল্য।












Leave a Reply