মালদা, নিজস্ব সংবাদদাতা :—- তিন মাসের বকেয়া বেতন, পিএফ ও ইএসআইয়ের দাবিতে সকাল থেকে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা বিল্ডিংয়ের ১৭৪ জন অস্থায়ী কর্মী। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁরা কর্মবিরতি শুরু করেন। পরে মেডিকেল কলেজের সুপার তথা এমএসভিপির দফতরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যায় ভুগতে হচ্ছে। তিন মাসের বেতন বকেয়া থাকার পাশাপাশি পিএফ ও ইএসআইয়ের সুবিধা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। নিজেদের দাবিদাওয়া নিয়ে এমএসভিপির সঙ্গে কথা বলতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা। ফলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত জেলাশাসক। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবিদাওয়া শোনেন তিনি। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী কর্মীরা।
বেতন-পিএফ-ইএসআইয়ের দাবিতে উত্তাল মালদা মেডিকেল, সুপারের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ।।












Leave a Reply