১২ নম্বর জাতীয় সড়কে ডাকাতির ছক! পুলিশের অভিযানে গ্রেফতার ৩।

মালদা, নিজস্ব সংবাদদাতা: পুরাতন মালদার নারায়ণপুর চাকি মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের ওই এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজনের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই অন্ধকারের সুযোগ নিয়ে দলের কয়েকজন সদস্য পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকেই তিনজনকে পাকড়াও করতে সক্ষম হন পুলিশকর্মীরা।

ধৃতদের বাড়ি মালদা ও কালিয়াচক থানা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, নাইলনের দড়ি এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যেই ওই ব্যক্তিরা সেখানে জড়ো হয়েছিল।

ঘটনায় মামলা রুজু করে বৃহস্পতিবার ধৃত তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তাদের সঙ্গে আরও কারা জড়িত ছিল এবং পালিয়ে যাওয়া ব্যক্তিরা কোথায় রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পালিয়ে যাওয়া বাকি অভিযুক্তদের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে মালদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *