বানারহাট, নিজস্ব সংবাদদাতা : – রেল সংলগ্ন এলাকায় উচ্ছেদ-নোটিশ ঘিরে পুনর্বাসনের দাবি নিয়ে বানারহাটে এলেন জলপাইগুড়ির সাংসদ ডা. জয়ন্ত রায়। বুধবার বানারহাটের প্রান্তিক কালচার ক্লাবে রেল এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন সংক্রান্ত দাবি, সমস্যা ও আশঙ্কার কথা শোনেন সাংসদ।
বৈঠকে ডা. জয়ন্ত রায় বলেন, রেলের উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তবে সেই উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের বিষয়টিও বিবেচনা করে কাজ করা প্রয়োজন। রেলের উন্নয়ন হবে, কিন্তু তার সঙ্গে মানুষের স্বার্থের কথাও ভাবতে হবে বলে জানান তিনি।
এদিন ভারত-ভুটান-সামচি যোগাযোগ ব্যবস্থার সম্ভাব্য অ্যালাইনমেন্টের প্রসঙ্গও উঠে আসে। সাংসদের বক্তব্য, এই যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়িত হলে বানারহাটের উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলতে পারে। এলাকার যোগাযোগ ও সামগ্রিক উন্নয়নে এর প্রভাব পড়তে পারে বলেও তিনি জানান।
বৈঠকে রেল এলাকার বাসিন্দারা তাঁদের পুনর্বাসনের দাবি তুলে ধরেন। উচ্ছেদের আগে তাঁদের বসতভিটা ও জীবিকার বিষয়টি বিবেচনা করার পাশাপাশি উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সহ-সভাপতি পুনিতা ওরাঁও, মণ্ডল-২ সভাপতি বিষ্ণু মাহালি, বিজেপি যুব মোর্চার সভাপতি বিকাশ মাহাতো, যুব মোর্চার সাধারণ সম্পাদক সারদা প্রসাদ, বিএমএস সভাপতি রাজা সাহ, সহ-সভাপতি পরেশ দেবনাথ-সহ বিজেপির অন্যান্য আধিকারিক ও স্থানীয় প্রতিনিধিরা।
রেল এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের দাবিকে কেন্দ্র করে সাংসদের এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। এখন রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন রেল সংলগ্ন এলাকার বাসিন্দারা।












Leave a Reply