পিতৃতর্পণের সাথে রামায়ণের রামচন্দ্র এবং মহাভারতের মহাবীর কর্ণ সম্বন্ধীয় দুটো কাহিনী প্রচলিত আছে। রামায়ণের রামচন্দ্র মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন। অনেকের ধারণা তখন থেকেই পিতৃতর্পণের প্রচলন হয়েছে। কর্ণ সম্বন্ধীয় কাহিনীতে বলা হয় যে, কর্ণ চিরকাল মানুষকে স্বর্ণ, রত্ন ইত্যাদি দান করে গেছেন। কিন্তু তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনো জল বা খাদ্য দান করেননি। কারণ তিনি নিজের পিতৃপুরুষের পরিচয় জানতেন না। তবে এটা ছিল কর্ণের অনিচ্ছাকৃত একটা ভুল। তবুও কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাঁকে খেতে দেয়া হয় শুধুই সোনা আর ধনরত্ন। তখন কর্ণ এর কারণ জিজ্ঞাসা করলেন দেবরাজ ইন্দ্রকে। এর উত্তরে ইন্দ্র কর্ণকে বললেন যে, কর্ণ সারাজীবন মানুষকে সোনাদানাই দান করেছেন, পিতৃপুরুষকে কখনো জল দেননি, তাই তাঁর সাথে এমনটা করা হয়েছে। তখন কর্ণ দেবরাজ ইন্দ্রকে তাঁর অনিচ্ছকৃত ভুলের কথা জানালে ইন্দ্র কর্ণকে এক পক্ষকালের জন্য মর্ত্যে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্ত্যে অবস্থান করে তাঁর পিতৃপুরুষকে অন্নজল দিলেন। এর ফলে কর্ণের পাপ স্খলন হলো এবং যে পক্ষকাল কর্ণ মর্ত্যে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হলো পিতৃপক্ষ নামে।
।।সংগৃহীত।।












Leave a Reply