জল জীবন মিশনের কাজ দ্রুত শেষের নির্দেশ, মালদায় ৭৯ প্রকল্প তিন মাসে সম্পূর্ণ করার লক্ষ্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—– জল জীবন মিশন প্রকল্পে দেশের অন্যান্য রাজ্যে যেখানে ৭০ শতাংশ পর্যন্ত কাজ হয়ে গিয়েছে সেখানে বিগত সরকারের আমলে এরাজ্যে কাজ হয়েছে মাত্র ১৫ শতাংশ। এই রাজ্যে টাকা বরাদ্দ এবং টাকা খরচের সঠিক হিসেব পর্যন্ত নেই। জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্রের টাকা নয়ছয় এর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দোষী হলে কেউই ছাড় পাবে না,- মঙ্গলবার মালদহে প্রকল্পের পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে এমনই জানালেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য।

তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই যত বেশি সম্ভব কাজ শেষ করে ফেলা হবে। আপাতত তিন মাসের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। ৭৫ শতাংশ কাজ হয়ে আটকে রয়েছে এমন প্রকল্পগুলিকে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মালদা জেলায় এমন ৭৯ টি জায়গায় আগামী তিন মাসের মধ্যে কাজ শেষ করে বাড়ি বাড়ি জল পৌঁছনো হবে। জল না পৌঁছলে কোনও অবস্থাতেই সরকার টাকা দেবে না

এদিন মালদায় এসে প্রথমে জেলা প্রশাসন, জন প্রতিনিধি এবং দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী। বৈঠকে জেলাশাসক, একাধিক সরকারি ও বিরোধী বিধায়ক উপস্থিত ছিলেন। প্রশাসনিক বৈঠকের পর মালদহে দপ্তরের কাজে যুক্ত ঠিকাদারদের সঙ্গে আলোচনায় বসে কাজের অগ্রগতি এবং সুবিধে অসুবিধের খোঁজ নেন মন্ত্রী। সঠিকভাবে কাজ করে থাকলে ঠিকাদাররা বকেয়া পেয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *