লোকালয়ে ‘রামলাল’-এর অবাধ বিচরণ, কৌতূহলী জনতার ভিড় সামলাতে তৎপর বনকর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার সকালেই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের দেউলডাঙা এলাকায় জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে পরিচিত বন্য হাতি ‘রামলাল’। গ্রামের রাস্তায় ধীরগতিতে হেঁটে বেড়াতে থাকা হাতিটিকে দেখতে ভিড় জমান বহু মানুষ।
গ্রামবাসীদের কেউ কেক, পাউরুটি, কলা ও কাঁঠাল ছুড়ে দিতে থাকেন, আবার কেউ মোবাইলে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তবে এত কোলাহলের মধ্যেও রামলাল নির্বিকারভাবে নিজের গতিতেই এগিয়ে যেতে থাকে। বনদফতরের কর্মীরা বারবার মাইকিং করে এবং উপস্থিত মানুষকে সতর্ক করেন, যাতে কেউ হাতিটির খুব কাছে না যান। স্থানীয়দের দেওয়া নাম ‘রামলাল’। এলাকাবাসীর দাবি, মানুষের উপর হামলা বা তেড়ে যাওয়ার মতো কোনও ঘটনার রেকর্ড না থাকায় হাতিটি সকলের কাছেই অত্যন্ত প্রিয়। এদিন কখনও পিচ রাস্তা, কখনও গ্রামের সরু পথ ধরে নিশ্চিন্তে হেঁটে বেড়াতে দেখা যায় তাকে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যানবাহনের একেবারে পাশ দিয়েও সে হেঁটে গেলেও মানুষের প্রতি কোনও আক্রমণাত্মক আচরণ করেনি। তবে বনদফতর স্পষ্টভাবে জানিয়েছে, বন্য প্রাণী যতই শান্ত স্বভাবের হোক না কেন, তার কাছাকাছি যাওয়া বিপজ্জনক। তাই বন্য হাতিকে খাবার না দেওয়া, সেলফি তুলতে কাছে না যাওয়া এবং তাকে বিরক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানিয়েছেন বনকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *