নারী কল্যাণ সমিতির দুর্গাপুজো ঘিরে উৎসবের আবহ, উদ্বোধনে উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- অন্নপূর্ণা ভান্ডার এর টাকা দিয়ে মহিলা সমিতির দুর্গাপূজা করে নজর কেড়েছে শহরের পাশাপাশি গ্রামে। দুর্গাপুজোকে ঘিরে উৎসবের আনন্দে মেতে উঠলেন বামনগোলা ব্লকের বামনগোলা গ্রাম পঞ্চায়েতের কাঠুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দারা। নারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত কাঠুয়াডাঙ্গা সর্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে গ্রামজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। মহিলাদের উদ্যোগে আয়োজিত এই পুজোয় শামিল হন গ্রামের অসংখ্য মানুষ।

শুক্রবার রাতে ফিতা কেটে পুজোর শুভ উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপালি বালা। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানি সাহা, বিশিষ্ট সমাজসেবী প্রতাপ সিং,বিনা কীর্তনিয়া এবং বামনগোলা থানার আইসি অমিত মাসান্তা -সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

পুজোর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। পুজোর আনন্দের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতে অনুষ্ঠানে গরিব ও দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উৎসবের মরশুমে নতুন বস্ত্র পেয়ে খুশি হন উপভোক্তারা।

নারী কল্যাণ সমিতির উদ্যোগে এই পুজো শুধু ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং গ্রামবাসীদের একত্রিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বার্তাও তুলে ধরেছে। মহিলাদের সক্রিয় অংশগ্রহণে কাঠুয়াডাঙ্গা সর্বজনীন দুর্গাপুজো ঘিরে গ্রামবাসীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *